১৩ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক ডাক প্রদর্শনী
বিশ্বের তেরটি দেশের অংশ গ্রহণে এই প্রথমবারের মতো অন-লাইন আন্তর্জাতিক ডাকটিকেট প্রদর্শনী ফিলিক্স ২০২০ অনুষ্ঠিত হলো জুম প্লাটফর্মে।
বাংলাদেশ ফিলাটিক ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ন্যাশনাল ফিলাটিক এসোসিয়েশনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, সৌদিআরব, নেপাল, সুইডেন্ট, থাইল্যান্ড এবং শ্রীলংকা প্রদর্শনীতে অংশ নেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাংলাদেশ ন্যাশনাল ফিলাটিক এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের উপস্থাপনায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর কাজী শরিফুল আলম, এফআইপি প্রেসিডেন্ট বার্ণর্ড বেস্টন এবং এফআইএপি প্রেসিডেন্ট প্রাকব চিরাকতি প্রমূখ বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অনলাইন ডাকটিকেট প্রদর্শণী একটি মাইলফলক। বাংলাদেশ অনলাইনে ডাক টিকেট প্রদর্শণীর আয়োজন করে নতুন একটি মাইল ফলক তৈরি করলো। বাঙালী আবারও প্রমাণ করলো কোন অবস্থাতেই তাকে দমিয়ে রাখা যায়না। ডাক টিকেট একটি টিকেটই নয় যা দিয়ে ডাক মাশুল পরিশোধ করা হয় ।বস্তুত ডাক টিকেট মানবসভ্যতার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি ও উত্তরাধিকার বা স্বপ্নকে প্রতিফলিত করে। একাত্তরে এই দিনে বাংলাদেশ তার প্রথম ডাক টিকেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ করেছিলো। কালক্রমে আমাদের ডাক টিকেট আমাদের ইতিহাস ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতির পাশাপাশি গুণীজনদের ইতিহাস তুলে ধরছে। করোনার মাঝেও আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ডাক টিকেটের মধ্য দিয়েও শ্রদ্ধা জানাচ্ছি। সামনের বছর আমাদের স্বাধীনতা দিবসে আমরা বাঙালীর ইতিহাস ও অর্জনকে তুলে ধরবো।